EN ☀️
×

Follow Us

রাজনীতি

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত
অ অ

১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনে কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে লংমার্চ আয়োজন করলে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগের আশঙ্কাও ছিল।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতিমধ্যে তিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া গেছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া মিলেছে। কর্মসূচিগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। উল্টো অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিল করে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নিজেদের ব্যর্থতা স্বীকার করে সরকারকে জাতীয় সংসদে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দল, মত ও পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, শুধু কথায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না। এ জন্য অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিলে জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে ১১ দলীয় ঐক্য প্রস্তুত বলেও জানান তিনি।

সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, কর্মসূচিটি প্রথমে সড়কপথে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হয়। পরে রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, ট্রেনে কর্মসূচি আয়োজন করলে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ হতে পারে। জনস্বার্থ ও দুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই আপাতত লংমার্চ স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচি স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না।

তিনি আরও বলেন, গণভোটের রায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগণের রায় পাশ কাটিয়ে সংস্কার পরিষদ গঠন না করে শুধু সংশোধনের পথে হাঁটলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন