গোলাম পরওয়ার
অশ্লীলতার মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
অশ্লীলতা ও অপসংস্কৃতির মোকাবিলায় ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকার কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিতে হবে। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় ইসলামী মূল্যবোধভিত্তিক গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপ। আল্লাহই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী। এই বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি।
তিনি বলেন, ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। এর মাধ্যমে মানুষ অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্তি পায়। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই ইসলামি দর্শনের মূল কথা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সহায়তা করে। তবে মানবমন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ পবিত্র কোরআন—এ কথা সব সময় মনে রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।