‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, গুলশানে আটক তিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ওই তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আবদুর রহিম জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজনকে পলাতক, ফ্যাসিস্ট হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাঁদের মধ্যে চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। পরে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তাঁরা দুঃখ প্রকাশও করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
তবে আটককারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।