মাতারবাড়ি প্রকল্প নিয়ে সংসদে ধোঁয়াশার কথা বললেন শফিকুর রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশের বিষয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা।
এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসেরও চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সব সময় তৎপর থাকবে।
বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলাও চালানো হচ্ছে।
ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।