EN ☀️
×

Follow Us

রাজনীতি

কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য পাওনা পাবে বাংলাদেশ: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য পাওনা পাবে বাংলাদেশ: রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য পাওনা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাঁদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।

তিনি বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে। মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে দেশটি ন্যায্য পাওনা পাবে বলে আশা করছি।

এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বে বাংলাদেশ খুব কম কার্বন নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, ‘আমরা কোনো মার্সি চাই না, আমরা চাই ন্যায়বিচার হোক।’ অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন