দণ্ডিত হাসিনাকে পাসপোর্ট দেওয়ার দাবি মামাবাড়ির আবদারের মতো: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
সৈয়দ এমরান সালেহ প্রিন্স/ ছবি সংগৃহীত
দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি মামাবাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়া যায় না।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পর একটি মিছিল বের করা হয়।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস সৃষ্টি করেছে। এই জনগণ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না।
প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এসব পক্ষ নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতা-কর্মীদের প্রতি তিনি পাড়া-মহল্লায় তাদের গতিবিধি পর্যবেক্ষণের আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে বলেন।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গণ-অভ্যুত্থানের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালাবেন না। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আবার দেশে ফিরে আসার কথা বলছেন। অতীতে বহুবার প্রমাণ হয়েছে, তিনি যা বলেন, বাস্তবে করেন তার উল্টো।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। তবে ফিরে আসার কথা বলে তিনি পলাতক নেতা-কর্মীদের গর্ত থেকে বের করে আনতে চান। তাদের দিয়ে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি জাতীয় সংহতি ও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা পুনর্জাগরণের ঐতিহাসিক অধ্যায়।
তিনি বলেন, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বরও বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। যারা এই দিবসের গুরুত্ব ম্লান করতে চায়, তারা আধিপত্যবাদের দোসর। তারা দেশের সার্বভৌমত্বকে আধিপত্যবাদের খাঁচায় বন্দী রাখতে চায়।
এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ ৭ নভেম্বরকে ভয় পায়। এ কারণে দলটি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দিবসটি বাতিল করেছে। এবার জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকেই বাতিল করে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে দুই সহস্রাধিক মায়ের বুক খালি করেছে। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাদের মধ্যে অনুশোচনাও নেই। জনগণ তাদের আর ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জন সুসংহত করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান দায়িত্ব। মানুষের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠন করছেন।
৭ নভেম্বরের চেতনা থেকে ‘সবার আগে বাংলাদেশ’—এই শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। একই সঙ্গে জাতীয় সংহতি, গণতন্ত্র ও দেশের শান্তিপূর্ণ অগ্রযাত্রা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন ও উপজেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান মানিক। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
