আমির হামজার খোঁজ পাচ্ছেন না রাশেদ খাঁন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ব্যাপারে বিতর্ক পিছু ছাড়ছে না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এবার আমির হামজার হদিস না পাওয়া নিয়ে ফেসবুক একাউন্টে পোস্ট দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছে না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না।
তিনি লিখেন, ‘এখন তিনি নম্বর বন্ধ করে রেখেছেন। এরপর সাংবাদিকরা তার বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই!’
তিনি আরও লেখেন, ‘কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকের ফোন ধরছেন না বলে জানতে পারলাম। সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত কিছু ভিডিও ও অডিও পেয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। ফ্যাক্ট চেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন বলে জানান তিনি।
পোস্টে আমির হামজার বলে দাবি করা একটি কথোপকথনের অংশও তুলে ধরেন তিনি। এ ছাড়া কমেন্ট বক্সে অডিওর লিংক দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
