সেনাসদস্যের মৃত্যুতে শোক, মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান পরওয়ারের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হন। মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মিয়া গোলাম পরওয়ার নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি।
তিনি বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।
দেশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, সরকার মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থান নেবে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।