দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
চাঁদাবাজি, মাস্তানি ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি স্থানীয় হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে একজন ব্যক্তি নানা ধরনের উসকানি দিচ্ছেন। তবে পরাজিত শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে। শ্রমিকদের নানাভাবে উসকানি দেওয়া হচ্ছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে।
বিরোধী দলের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল, সেটি নিয়ে লংমার্চের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জামায়াতের ভূমিকা নিয়ে রিজভী বলেন, সবাই জামায়াতকে গুপ্ত বলে। তারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিল। অনেক মানুষের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিএনপি বিপ্লবকে চূড়ান্ত করেছে। জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হবে না। যেসব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, জেলা বিএনপির নেতারা তাদের সমর্থন দেবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।