এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এলপিজির এই মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছেন। এর মধ্যে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় পারিবারিক ব্যয় আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই বাড়তি ব্যয় বহন করা কঠিন হবে।
গোলাম পরওয়ার বলেন, বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।
আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বাড়ানো দায়িত্বশীলতার পরিচয় নয়।
বিবৃতিতে গোলাম পরওয়ার এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধ এবং নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
