গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে রাজধানী থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ থেকে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের দাবিগুলো ব্যক্তিগত বা দলীয় নয়, জনগণের দাবি। সাত দফার মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়নই প্রধান দাবি। এ দাবি মেনে নিলে বাকি দাবিগুলোর প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে যুবসমাজকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জনগণকে লংমার্চ সফল করার অনুরোধ জানান তিনি।
সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, সুশাসন নিশ্চিত করতে ব্যবস্থার সংস্কার জরুরি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অসম্মান করছে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ জানান।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সকাল ৮টার দিকে সমাবেশ শেষে লংমার্চের বহর খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়।
পথে শরীয়তপুরের জাজিরা, বাগেরহাটের ফকিরহাট, খুলনা মহানগরী ও ফুলতলা, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্বে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল।