আসামে মুসলিমদের ঘরবাড়ি-মসজিদ উচ্ছেদ নিয়ে উদ্বেগ, সম্প্রীতি রক্ষার আহ্বান বিরোধীদলীয় নেতার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ এএম
ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যে মুসলিম পরিবারের বসতবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি ভারতের সরকারকে সংখ্যালঘু মুসলমানদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের উসকানিতে দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট না করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত রবিবার (১৮ অক্টোবর) আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে ৬০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এর আগের দিন শনিবার রাজ্যের তিনটি জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এতে মাত্র দুই দিনে ১ হাজার ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবৃতিতে আরও বলা হয়, উচ্ছেদ অভিযানে অন্তত ১০টিরও বেশি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, যার মধ্যে কয়েকটির বয়স ৫০ বছরেরও বেশি। এ ছাড়া গুজরাটের আহমেদাবাদে ৪০০ বছরের পুরোনো মাঞ্চা মসজিদ এবং গির সোমনাথ জেলায় প্রাচীন মসজিদ ও কবরস্থান ভেঙে ফেলার সাম্প্রতিক ঘটনাগুলোর কথাও তুলে ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষায় শুধু ব্যর্থই হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ন করছে। এ ধরনের ঘটনা মানবতা, আইনের শাসন ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থী। যে দেশেই, যে পক্ষের দ্বারাই এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হোক না কেন, তা অবশ্যই নিন্দনীয়।’
বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘কোনো উসকানিতে দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় বাংলাদেশে বিদ্যমান সামাজিক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন।’