মাদক-অপকর্মে জড়িতদের বিএনপিতে স্থান নেই: এ্যানি
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি: সংগৃহীত
মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও নানা অপকর্মে জড়িতদের বিএনপির রাজনীতিতে কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কোনো নেতা মাদক, অনৈতিক কর্মকাণ্ড কিংবা অন্য কোনো অপকর্মে জড়িয়ে পড়লে বিএনপিতে তাঁর স্থান হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে এসব কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। লক্ষ্মীপুরের রাজনীতিতেও এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভালো ও যোগ্য ব্যক্তিদের যুবদলের নেতৃত্বে আনা হবে। যুবদলের পরিচয়ে কেউ লোহালক্কড় নিয়ে চলাফেরা কিংবা পেশিশক্তির রাজনীতি করার চেষ্টা করলে সেই সুযোগ আর দেওয়া হবে না। লক্ষ্মীপুরে লোহালক্কড়ের রাজনীতি চলবে না।
তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িত হয়ে কিংবা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে থেকে অনৈতিক সুবিধা নিয়ে অর্থ উপার্জন ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে তারাও ছাড় পাবেন না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ থাকবে না।
বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান।