EN ☀️
×

Follow Us

রাজনীতি

মিয়া গোলাম পরওয়ার

‘অপরিপক্ব ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই লেজেগোবরে সরকার’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

‘অপরিপক্ব ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই লেজেগোবরে সরকার’

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির অপরিপক্ব ও অদূরদর্শী নেতৃত্বের কারণে সাত মাসের মধ্যেই সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে। ভুল রাজনীতির কারণে সরকার আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, সরকার দেশের চলমান অস্থিরতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।

জামায়াতের এই নেতা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমিকদের ন্যায্য মজুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ এবং বিরোধী মত দমনের চেষ্টার অভিযোগও তোলেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করা হলে তা ফ্যাসিবাদী প্রবণতাকে উৎসাহিত করবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণভোটের রায় উপেক্ষা করে জুলাইয়ের চেতনাকে ধারণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সরকারের প্রতি গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগামী ৩১ অক্টোবর তৃতীয় পর্যায়ের লংমার্চে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন