EN ☀️
×

Follow Us

রাজনীতি

শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে বিরোধী দল: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে বিরোধী দল: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করছে না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যোগ দেননি বিরোধীদলীয় নেতা। এতে শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করা হয়েছে বলে মনে করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। বিরোধী দল সরকারের বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল ও বিএনপি উভয়েই জনগণের কাছে গেছে। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে। জনগণ বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং বিরোধী দলকেও সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি, আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’

বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকার।

আরও পড়ুন