সাংবাদিক লুৎফুজ্জামান নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এ বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে এ হত্যাকাণ্ড ঘটার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।
এডভোকেট জুবায়ের নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন। তিনি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এর মাধ্যমে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তা প্রতীয়মান।
বিবৃতিতে সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এহসানুল মাহবুব। একইসাথে নিহতের মাগফিরাত কামনা, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন তিনি।