বৃক্ষরোপণে আগের সরকার উদ্যোগী ছিল না: নিলোফার চৌধুরী
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
আওয়ামী লীগ সরকারের সময় বৃক্ষরোপণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, বরং আগে থেকে থাকা গাছপালা ব্যাপকভাবে কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাঘেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে এ কর্মসূচি হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়াই এর লক্ষ্য।
নিলোফার চৌধুরী বলেন, বাংলাদেশ ছোট দেশ, এখানে এমনিতেই নানা সমস্যা আছে। এর মধ্যে গাছের স্বল্পতা ও পরিবেশের ভারসাম্যহীনতা মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। বিগত সরকারের সময় গাছ লাগানোর বদলে বিদ্যমান গাছ কেটে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, গাছ কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
প্রাকৃতিক দুর্যোগে গাছের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বনাঞ্চল ও গাছপালা ঝড়-ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। সুন্দরবনসহ দেশের বনভূমি রক্ষা করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দুর্যোগের ঝুঁকিও কমানো সম্ভব।
নিলোফার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ উদ্যোগ সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগিয়ে যত্ন নিলে সবুজ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।