সার ডিলার নিয়োগে অনিয়ম, তদন্তের দাবি জামায়াতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশে সারসংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে দলটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিদ্যমান নীতিমালা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও দলীয় প্যাডে দেওয়া তালিকা অনুসারে ডিলার নিয়োগের ঘটনাও ঘটেছে। তাঁর দাবি, অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়া, ভুয়া গুদাম ও চুক্তিনামা ব্যবহার এবং একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ পাওয়ার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, সার বিতরণে অনিয়ম, কালোবাজারে বিক্রি ও চোরাচালানের কারণে সারসংকট তৈরি হয়েছে। দিনাজপুর, রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের এ নেতা আরও দাবি করেন, ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারসংকটের তথ্য উঠে এসেছে। তাঁর অভিযোগ, কখনো সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে দেওয়া তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম পাওয়া গেছে।
প্রেস ব্রিফিংয়ে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত, নিয়োগের যোগ্যতার মানদণ্ড ও তালিকা প্রকাশ, অর্থ আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা এবং তদন্তের অগ্রগতি জনসমক্ষে জানানোর দাবি জানায় জামায়াত। একই সঙ্গে অভিযোগগুলো প্রমাণের ভিত্তিতে যাচাই করার আহ্বান জানানো হয়।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, গত ছয় থেকে সাত মাসে সরকারের বিভিন্ন স্তরে দলীয়করণ ও দুর্নীতি বেড়েছে। সার, তেল, গ্যাস ও বিদ্যুৎসংকটে উৎপাদন খরচ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে দ্রব্যমূল্যে। কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়ায় বিরোধী দলকে সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংসদে আলোচনা করে সমাধানে পৌঁছানো উচিত।
