কমিটি গঠন নিয়ে বিরোধ, কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ
ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ বিষয়ে বৈঠক চলাকালে বিরোধ প্রকাশ্যে আসে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন—এমন আলোচনা থেকে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তাঁর গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
মাহবুবুর রহমানের কয়েকজন অনুসারীর অভিযোগ, মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুনের নির্দেশে এ হামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে চাননি।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের জন্য ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে মাহবুবুর রহমান তাঁর অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।”
মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাটি আমি শুনেছি। সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন।”
-6ac8cf38125b5.jpg)