EN ☀️
×

Follow Us

রাজনীতি

হিন্দুদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান শফিকুর রহমানের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

হিন্দুদের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত

অ অ

হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়।

পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন শফিকুর রহমান।

শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলকে যৌথ উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন