জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে নিষিদ্ধ আ. লীগের হেনস্তা, বিএনপির নিন্দা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হেনস্তা করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা। তার মতে, এ ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কারণেই ড. ইউনূসের সঙ্গে এ ধরনের ন্যক্কারজনক আচরণ করা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, ড. ইউনূস শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই নন, তিনি নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।
বিবৃতিতে আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই শাসনের সহযোগীরা দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছেন। তাদের এ ধরনের আচরণ থেকে বোঝা যায়, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি।
রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি এখনো অব্যাহত রয়েছে। তিনি দেশে-বিদেশে তার কর্মীদের উসকানি দিচ্ছেন এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন বলে জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
বিবৃতির শেষাংশে জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ধিক্কার জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।