নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে ডা. তাহের বলেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের কিছু দোসর কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ঘটনা অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ডা. তাহের আরও বলেন, বিশ্বজুড়ে সম্মানিত নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও অপমানিত ও খাটো করা হয়েছে। বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ করা কারও জন্যই সমীচীন নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা প্রবাসী ও সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে।
ডা. তাহের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশা আল্লাহ। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।