EN ☀️
×

Follow Us

রাজনীতি

চুয়েট উপাচার্যকে দায়িত্ব পালনে শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান ছাত্রদল সম্পাদকের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

চুয়েট উপাচার্যকে দায়িত্ব পালনে শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান ছাত্রদল সম্পাদকের
অ অ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলমকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তার দেওয়া ফেসবুক পোস্টটি ডেইলি সানের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— ‘মহামান্য রাষ্ট্রপতি চুয়েটের আচার্য হিসেবে বিধি অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগ দিয়েছেন এবং পূর্ববর্তী উপাচার্যকে অব্যাহতি দিয়েছেন। এটি সরকারের পরামর্শক্রমে গৃহীত রাষ্ট্রপতির একটি প্রশাসনিক সিদ্ধান্ত।

এ অবস্থায় নতুন উপাচার্যকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত নয়। নবনিযুক্ত উপাচার্য একজন যোগ্যতাসম্পন্ন শিক্ষক। তিনি দায়িত্ব গ্রহণের আগেই কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া তাঁর নিয়োগের বিরোধিতা করে আন্দোলন করা গ্রহণযোগ্য নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া কখনোই কাম্য নয়। এভাবে কার্যক্রম বন্ধ থাকলে সেশনজটসহ শিক্ষার্থীদের নানা ধরনের ভোগান্তি বাড়বে, যার ক্ষতি শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই বহন করতে হবে।

তাই চুয়েটের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক আহ্বান - আপনারা সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে নবনিযুক্ত উপাচার্যকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন কোনোভাবেই অনিশ্চয়তার মুখে না পড়ে, সেটিই হোক সবার অগ্রাধিকার।’

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে  শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদ এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। 

আরও পড়ুন