EN ☀️
×

Follow Us

রাজনীতি

অসুস্থ খান সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

অসুস্থ খান সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলকে দেখতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

হাসপাতালে গিয়ে ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি সাইফুলের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় সাইফুলের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে তাঁদের কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতা ও আন্তরিক বার্তা পৌঁছে দেন।

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। সাইফুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলবে। 

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকার কারণে তিনি পরিচিতি পান। এ সময় তাঁর স্লোগান ছিল, “খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।”

খান সাইফুলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি ডা. বিটু হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ১০০ শয্যাবিশিষ্ট স্ট্রোক ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক ডা. মো. মনির হোসেন, আরএস ডা. মো. বশির আহমেদ, আরপি ডা. মো. মাজহারুল ইসলাম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. রাশেদুল হাসান রিপন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শাবিব ইবন আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইকরামুল আজম খানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

আরও পড়ুন