EN ☀️
×

Follow Us

রাজনীতি

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের সক্রিয় হতে হবে: পরওয়ার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের সক্রিয় হতে হবে: পরওয়ার
অ অ

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরের মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না করে তাদের কথা শুনতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার বিকল্প নেই। জামায়াতের শীর্ষ নেতারা দ্বীনের পথে অবিচল থেকে হাসিমুখে শাহাদাত বরণ করে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ অংশ নেন।

শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীন প্রমুখ।

আরও পড়ুন