‘আ. লীগের নাশকতায় বিরোধী দলের নীরবতা নিয়ে প্রিন্সের প্রশ্ন’
বিরোধীদের আন্দোলন কর্মসূচিতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক অপপ্রচার সুস্থ রাজনীতি হতে পারে না
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
হালুয়াঘাটে বিএনপির যৌথ সভায় বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিরোধী দলের নীরবতা জাতিকে নতুন বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২ নম্বর জুগলী ইউনিয়নের ছাতুগাঁও বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশেষ যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিরোধী দলের অপপ্রচার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলার করণীয় ঠিক করতে সভাটি আয়োজন করা হয়।
প্রিন্স বলেন, ‘সরকারের ভুল কাজের সমালোচনার অধিকার বিরোধী দলের রয়েছে। কিন্তু সাত মাস বয়সী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যে ভাষায় বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে, তাকে সুস্থ রাজনৈতিক কর্মসূচি বলা যায় না।’ গণঅভ্যুত্থানের পর জনগণ গতানুগতিক ধারার বদলে গঠনমূলক রাজনীতি দেখতে চায় বলেও তিনি মন্তব্য করেন।
প্রিন্সের অভিযোগ, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার অপচেষ্টার মাধ্যমে নিজেদের জঙ্গি হিসেবে পরিচিত করেছে। ডিসেম্বরকে লক্ষ্য করে চালানো অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে বিরোধী দলের নীরবতা জাতিকে নতুন বার্তা দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।’ নেতাকর্মীদের তিনি নিজ নিজ এলাকায় সতর্ক থাকার ও গতিবিধি পর্যবেক্ষণের আহ্বান জানান।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকেই নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হলেও, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে দলের পক্ষ থেকে একক প্রার্থীকে সমর্থন দিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘অপরাধীর কোনো দল নেই; দলীয় পরিচয়ে অপরাধ ও অনৈতিক কাজে জড়ালে ছাড় দেওয়া হবে না। নির্বাচনের সময় নয়, সারা বছর জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। জুগলী ইউনিয়নের উন্নয়নে রাস্তা, সেতু-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও পানি সরবরাহের সমস্যা চিহ্নিত করে জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল। উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।