শেরেবাংলা নগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।
সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদা নেওয়া, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।