EN ☀️
×

Follow Us

রাজনীতি

অপরাধীর কোনো দল নেই, অপরাধ করলে ছাড় নেই: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

অপরাধীর কোনো দল নেই, অপরাধ করলে ছাড় নেই: প্রিন্স
অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধী যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নগুয়া ইটখোলার মাঠে মাঝিয়াইল স্বপ্নপূরী একাদশ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমনে তিনি কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছেন।

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনার প্রসঙ্গ টেনে প্রিন্স বলেন, ওই ঘটনায় অভিযুক্ত এমপিকে পদত্যাগ করানো হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভিযুক্ত নেতা-কর্মীদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ দলীয় ও প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে আট বিঘা জমির ওপর খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ক্রীড়া সামগ্রী দেওয়ার উদ্যোগও রয়েছে। ধোবাউড়ায় একটি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিনা মূল্যে ল্যাপটপ এবং কৃতী ছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক পাঠ্যক্রমের অংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য, শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই খেলাধুলাকে শুধু বিনোদন নয়, সম্ভাবনাময় পেশা হিসেবেও গ্রহণ করতে পারে।

প্রিন্স বলেন, আধুনিক বিশ্বে খেলাধুলা একটি মর্যাদাপূর্ণ পেশা ও বড় অর্থনৈতিক ক্ষেত্র। বাংলাদেশের শিক্ষার্থীরাও যেন আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়। এটি তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। তাই দল-মত–নির্বিশেষে সবাইকে শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরিফিন পাপন, বিএনপি নেতা আলতাফ হোসেন ও মোতালেব হোসেন, মোতালেব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন