জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
জামায়াতের পক্ষ থেকে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সংলাপের পরিবেশ তৈরিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করা হয়। তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দলটির নেতারা।
বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে লিয়াং শুয়িং ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।