রাড্ডা হাসপাতালে হামলা-লুটপাট, প্রতিবাদে মিরপুরে জামায়াতের মিছিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর জোন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এ সময় মহানগরী মজলিসে শূরা সদস্য ডা. মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে মাহফুজুর রহমান বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতে লুটপাটের পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, ঘটনার সময় প্রশাসনের ভূমিকা কী ছিল, সেটিও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মাহফুজুর রহমান আরও বলেন, দরিদ্র ও অসহায় মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের ওপর জুলুম হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।