আল্লাহর আইন চাওয়া ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত অগ্রগামী: শফিকুর রহমান
জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
সিলেটে রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান এমপি। ছবি: সংগৃহীত
আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যে সকল ইসলামী দল আল্লাহর আইন চায়, সেগুলোর মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী বলে মন্তব্য করেছেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেটে মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমীর বলেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। আগামীতে প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে।
শফিকুর রহমান বলেন, অবৈধ অর্থোপার্জনের চিন্তাও যেন হৃদয়ে লালিত না হয়। ব্যবসা-বাণিজ্য ও যাবতীয় লেনদেনে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। হারাম থেকে মুক্ত থাকতে হবে।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলার আহ্বান জানান তিনি।