EN ☀️
×

Follow Us

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার কোনো অবকাশ নেই: রুহুল আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার কোনো অবকাশ নেই: রুহুল আমিন
অ অ

হাম ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে হাম নিয়ন্ত্রণেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ক্ষেত্রে ব্যর্থতার কোনো সুযোগ নেই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ জসিম উদ্দিন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা সরদার মোঃ শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা,শেখ মাতলুব হোসেন লিয়ন, সম্পাদক মণ্ডলীর সদস্য- গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, জিয়া উর রহমান বিপুল, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুমসহ প্রমুখ।

সভায় এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। এর মধ্যে হামেও আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নতুন করে শঙ্কা তৈরি করেছে। একের পর এক রোগে মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। জনস্বাস্থ্য রক্ষায় সরকারকে এখনই প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, সেটিও নিশ্চিত করতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে নগর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

হাম প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচি আরও কার্যকর করতে হবে। যেসব এলাকায় হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে, যাতে শিশুরা সময়মতো টিকা পায়।

তিনি আরও বলেন, মানুষের জীবন ও জনস্বাস্থ্য রক্ষা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা মেনে নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন