চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।
ডিবি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
