EN ☀️
×

Follow Us

রাজনীতি

১৩ বছরের অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা অবনতির বহিঃপ্রকাশ: পরওয়ার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

১৩ বছরের অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা অবনতির বহিঃপ্রকাশ: পরওয়ার
অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অপ্রতীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অপ্রতীমের মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ও স্বজনদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে অপ্রতীমের রূহের মাগফিরাত ও শাহাদা কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, কৈশোরের দুরন্ত সময়ে অপ্রতীম বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য ঘর থেকে বের হয়েছিল। কিন্তু তাকে জীবিত অবস্থায় আর ঘরে ফিরতে দেওয়া হয়নি। এমন ঘটনায় কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারেন না।

গোলাম পরওয়ার বলেন, অপ্রতীম ছিল তার মা-বাবার একমাত্র সন্তান। সে ছিল তাদের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। মাত্র ১৩ বছর বয়সে সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একজন মায়ের কোলে সন্তানের লাশ ফিরে আসার চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কী হতে পারে—প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, অপ্রতীমের মৃত্যু শুধু একটি পরিবারের কান্নার ঘটনা নয়। এটি গোটা সমাজের জন্য গভীর সতর্কবার্তা। একজন শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে না পারলে মানুষের জানমালের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের মানুষ উদ্বিগ্ন।

অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্‌ঘাটনের দাবি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধীচক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে দ্রুত বের করতে হবে।

কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারেন—এ বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি। সন্দেহভাজনদের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি।

গোলাম পরওয়ার সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অপ্রতীমের মৃত্যুর রহস্য দ্রুত উদ্‌ঘাটনের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

দেশের শিশু-কিশোরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান জামায়াতের এই নেতা।

আরও পড়ুন