EN ☀️
×

Follow Us

রাজনীতি

জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় আবু তৈয়ব, জানুন তার পরিচয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় আবু তৈয়ব, জানুন তার পরিচয়

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জিন্নাহর ছবিটি সরিয়ে ফেলেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওয়ান-ইলেভেন সরকারের সময় আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে আজীবনের জন্য ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হয়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন আবু তৈয়ব। পরে প্রশাসন তার আবেদন মঞ্জুর করলে তিনি আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পান।

সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন আবু তৈয়ব। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ভিপি প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠদের একজন।

জিন্নাহর ছবি সরানোর বিষয়ে গণমাধ্যমকে আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি এখানে রাখা হবে—এটা মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসে জিন্নাহর ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রক্তের গৌরব’ বহনকারী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই ডাকসু সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

জিন্নাহর ছবি প্রদর্শন এবং তা সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

আরও পড়ুন