EN ☀️
×

Follow Us

রাজনীতি

অতীত সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

অতীত সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: বিরোধীদলীয় নেতা
অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে যারা সরকারের নেতৃত্বে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে বঞ্চনা, হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য ও অবিচার বেড়েছে। মানুষের সম্মান, সম্পদ ও জীবনের ওপর আঘাতও অহরহ ঘটছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের হাতে আজ চেক তুলে দেওয়া হচ্ছে, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। মেধা দিয়ে তারা জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই মেধা, মনন, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষ ও আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে তাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আশা করা যায়।

জামায়াত আমির বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এ দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, এখন স্কুলে মানসম্মত পড়াশোনা হয় না। তাই ঘরে ঘরে আলাদা শিক্ষক রেখে সন্তানদের পড়াতে হচ্ছে। এটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। সব পরিবারের পক্ষে সন্তানের জন্য আলাদা শিক্ষক রাখা সম্ভব নয়। স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ায় মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর মেধা ঝরে পড়ে।

দেশ ও রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধাবিকাশের পূর্ণ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পিতামাতার বিকল্প হবেন—এমন শিক্ষা ব্যবস্থা তারা চান। শিক্ষার্থীদের মানুষ করার কারিগর হবেন শিক্ষকরা। এ জন্য কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে সব হারিয়ে এখন জাতি সর্বহারা হয়ে গেছে। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।

বর্তমান সমাজের চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতার সমালোচনা করে তিনি বলেন, তারা এসবের কবর রচনা করতে চান। শিক্ষার্থীরা এ কাজে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জাতিকে হারানো যাবে না, জাতিকে জিততে হবে।’ 

এ জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আরও পড়ুন