EN ☀️
×

Follow Us

রাজনীতি

জনগণের কষ্ট লাঘবে সরকারকে সহযোগিতা করুন: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

জনগণের কষ্ট লাঘবে সরকারকে সহযোগিতা করুন: প্রিন্স
অ অ

জনগণের কষ্টকে পুঁজি করে জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি না দিয়ে মানুষের কষ্ট লাঘবে সরকারের নেওয়া উদ্যোগে বিরোধী দলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের শোভাযাত্রা শেষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সংসদ কিংবা রাজপথ—বিএনপি সরকার কোথাও বিরোধী দলের কণ্ঠ রোধ করেনি। তারা সংসদে ও রাজপথে নির্বিঘ্নে, স্বাধীনভাবে সব বিষয়ে কথা বলছেন এবং কর্মসূচি পালন করেছেন। সরকার তাদের সহযোগিতা করছে। তাই সংসদে জনগণের কষ্টের কথা বলতে না পেরে বাধ্য হয়ে রাজপথে নামতে হচ্ছে—এমন বক্তব্য অজুহাত ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দিনরাত কাজ করছে। সরকার হাত-পা গুটিয়ে বসে নেই কিংবা কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করছে না। এমন পরিস্থিতিতে ছয় মাস বয়সী সরকারের বিরুদ্ধে কখনো ছয় দফা, কখনো এক দফার আন্দোলনের ঘোষণা দিয়ে বিরোধী দল দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভোগসৃষ্টিকারী রাজনীতির পরিচয় দিচ্ছে।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয় দাবি করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিরোধী দলের নেতা নিজেই একাধিকবার এ সংকটকে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভুল নীতি ও দুর্নীতির ফসল বলেছেন। এরপরও সংকটের দায় বিএনপির ওপর চাপিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা রাজনৈতিকভাবে অসঙ্গত ও দায়িত্বজ্ঞানহীন।’

তিনি আরও বলেন, ‘জনগণের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে বিরোধী দলের উচিত জনগণের কষ্ট লাঘবে সরকারকে সহযোগিতা করা। সংকটকে কেন্দ্র করে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি না করে জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর ‘রাখি বন্ধনের’ পুনরাবৃত্তি ২০২৬ সালে ঘটছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বাতির কল, ডিসি অফিস ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘মহিলা দল নয়, দেশের নারী সমাজ বিএনপির বড় শক্তি। নারী বান্ধব দল হিসেবে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, তখনই নারী শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।’

সমাবেশে উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু ও সিনিয়র সহসভাপতি রেহানা পারভীন ববিসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন