হাসিনার মৃত্যু এ দেশে হবে না, কবরও এ দেশে হবে না: সারজিস
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: ডেইলি সান
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এ দেশ থেকে পালিয়েছেন, আর কখনোই তিনি দেশে ফিরতে পারবেন না। তার মৃত্যু এ দেশে হবে না, তার কবরও এ দেশে হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান এনসিপি নেতা সারজিস আলম।
সারজিস আলম বলেন, অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। একই সঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
তিনি আরও বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট শুধুমাত্র সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে, সরকার জুলাই সনদ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার মেয়াদ শেষ করতে পারবে না।