কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি চলমান সংকটকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের আমল ও পরবর্তী অন্তর্বর্তী সরকার থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে সমস্যা রয়েছে—এ কথা স্বীকার করেও তিনি বলেন, কেউ কেউ এসব সংকটকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টাও চলছে।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ কেউ এখন পতিত স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, সেটিও দেখতে হবে। এমন কোনো শক্তি থাকলে তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে।
তারেক রহমান বলেন, নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা নিয়ন্ত্রণে আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকটে মানুষের দুর্ভোগ হচ্ছে। কারখানা মালিক ও সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে রয়েছেন, তার জন্য দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
