EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে কিন্তু বাইরে ৭১-এর রূপ ধারণ করে: এ্যানি

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে কিন্তু বাইরে ৭১-এর রূপ ধারণ করে: এ্যানি

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের বিরোধী দলের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদে তারা সুন্দর সুন্দর কথা বলে, আর বাইরে গেলে স্বাধীনতার সময়ের রূপ ধারণ করে।’

তিনি বলেন, বিরোধী জোটের একজন নেতা একের পর এক রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য দিলেও জামায়াতের শীর্ষ নেতারা এ বিষয়ে কিছু বলছেন না। ‘আসলে এরাই শিবির, এরাই জামায়াত, এরাই এনসিপি’—বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে আদর্শ সামাদ মাঠে র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

তিনি বলেন, ছয় মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো বড় সমস্যার সমাধান সম্ভব নয়। আরও কিছু সময় না দিয়েই বিরোধীরা লং মার্চ করছে। নির্বাচনের পর থেকে তারা নিয়মিত প্রতিবাদ, আন্দোলন ও সভা-সমাবেশ করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

এ্যানি বলেন, ‘একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তুষের আগুনের মতো এখনো জ্বলছি।’ বাস্তবতা মেনে সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে।

সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন