শুধু নাম-পোশাক বদলালেই আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কৃতি বদলায় না: বেলাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: সংগৃহীত
শুধু নাম ও পোশাক পরিবর্তন করলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কৃতিতে পরিবর্তন আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নেতা অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেছেন, বাহিনীর কর্মকাণ্ডে আইন, বিধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন এবং তাদের নিজস্ব কর্তৃত্বে হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের প্রস্তাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও দলটির সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি সভায় এসব কথা বলেন বেলায়েত বেলাল। জেএসডির সিনিয়র সহসভাপতি বেগম তানিয়া রবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এসআরবির নামকরণ ও প্রস্তাবিত কার্যক্রমের প্রসঙ্গ তুলে বেলায়েত বেলাল বলেন, র্যাবের পুনরুজ্জীবন নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসআরবির নিজস্ব কর্তৃত্বে হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ স্থাপনের প্রস্তাব কী বার্তা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ‘এসআরবি হচ্ছে র্যাবের নব সংস্করণ, উন্নত সংস্করণ।’ এ ধরনের উদ্যোগ দেশে ‘ভয়ের সংস্কৃতি’ এবং একটি বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জেএসডির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডে আইন, নিয়ম ও বিধির আওতায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সরকারকে নিয়মিতভাবে সচেতন ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বেলায়েত বেলাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জেএসডি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিরোধী দলের ভূমিকায় রয়েছে। জনগণের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও জবাবদিহিভিত্তিক নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই দলটির দীর্ঘ রাজনৈতিক পথচলা।
সভায় বক্তব্য দেন জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিরাজ খান মিন্টু, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন এবং জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু।
এ ছাড়া সভায় মোহাম্মদ মোস্তফা কামাল, নুরুল আমিন, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আনিসা রত্না, শফিকুল ইসলাম শফিক, আবুল হোসেন মিয়া, মাইনুল আলম রাজু, এস এম মনিরুজ্জামান মনির ও আরিফা আকতার বেবিসহ জেএসডি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।