EN ☀️
×

Follow Us

রাজনীতি

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

ছয় দফা দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকেরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে। এসব সমস্যার সমাধান চান বলেই আমরা রাস্তায় নেমেছি।’

তিনি বলেন, ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তাঁরা ঘরে ফিরবেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।

কুমিল্লাকে বিভাগ করার দাবির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু তখন কুমিল্লা বিভাগ হয়নি। ‘তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?’—প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, সরকারকে পরিষ্কারভাবে বলা হয়েছে, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা করা যাবে না। কুমিল্লা বিভাগ করে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন। তাঁদের দাবিও পূরণ করতে হবে। তবে কুমিল্লা যেহেতু ১৯৯৪ সাল থেকে বিভাগ দাবি করে আসছে, তাই আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান তিনি।

কুমিল্লায় বিমানবন্দর চালুর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়টি সামনে এসেছে। এখানে একটি ইপিজেডও রয়েছে। সম্ভাব্যতা যাচাই-বাছাই করে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। বিভাগ হলে কুমিল্লার মানুষকে প্রশাসনিক সেবা নিতে দূরে চট্টগ্রামে যেতে হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে অন্য দায়িত্ব ছেড়ে দিয়ে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করতে হবে। যুবসমাজকে রক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ জোটের নেতারা।

আরও পড়ুন