EN ☀️
×

Follow Us

রাজনীতি

জনগণের ভোটে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি: তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

জনগণের ভোটে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তায় তারেক রহমান বলেন, দেশে যতবারই জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর সম্প্রতি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। জনগণের কাছে শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন এবং বহুদলীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারেক রহমান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের অপর নাম বিএনপি।

জনগণের আস্থাকে সমুন্নত রেখে দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থক আগামী দিনেও দেশমাতৃকার সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।

আরও পড়ুন