EN ☀️
×

Follow Us

রাজনীতি

গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে বিএনপির সহায়তা সেল

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে বিএনপির সহায়তা সেল

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুরে ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। শনিবার (২৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর নেন সেলের গাজীপুর মহানগরের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ ও নির্দেশনায় হাসপাতালে যান তিনি। এ সময় শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ডা. মাজহারুল আলম।

পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শিশুটির চিকিৎসা, পরবর্তী স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তায় সেলটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা ও কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।

নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মার্চ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করা হয়। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়।

চিকিৎসক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সেল প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুন