জামায়াত-এনসিপির লং মার্চ আ. লীগের ফেরার পথ তৈরি করবে: রাশেদ খান
ডেইলি সান রিপোর্ট, ঝিনাইদহ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম
ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লং মার্চের ঘোষণা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।
তিনি বলেন, জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ হতে দেবে না।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিদের বিরোধিতা ও হট্টগোলের সমালোচনা করে রাশেদ খান বলেন, বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুমের ঘটনা নিয়ে প্রশ্ন করছেন। অথচ একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। এখন অনেকে বলে, ‘যাহাই জামায়াত, তাহাই এনসিপি’।
জামায়াত-এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে রাশেদ খান বলেন, তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা চালানো হলে বাংলাদেশপন্থী জনগণ তা মেনে নেবে না।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।