EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে রিজভীর শুভেচ্ছা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে রিজভীর শুভেচ্ছা
অ অ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে রিজভী বলেন, ‘এই পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। এই শিশুর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়।’ সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং মহানবী (সা.)-এর প্রদর্শিত পথে চলার জন্য এ দিনটি অনন্য উদাহরণ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, বিশ্বমানবতার কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) শান্তি, সম্প্রীতি, সংগ্রাম ও মূল্যবোধের আলোকবর্তিকা। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততা, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে।

রিজভী বলেন, কৈশোরকাল থেকেই মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন অকুতোভয়। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করাকে কর্তব্য হিসেবে গ্রহণ করেছিলেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার উজ্জ্বল দৃষ্টান্তও তিনি রেখে গেছেন।

তিনি আরও বলেন, পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে মহানবী (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। এরপর কঠোর পরিশ্রম ও সীমাহীন নির্যাতন সহ্য করে তিনি তাওহিদের বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আল্লাহ তায়ালা মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেন। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে কোরআনে ইহকাল ও পরকালের মুক্তির নির্দেশনা রয়েছে। মহানবী (সা.)-এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলমানরা মানবতা প্রতিষ্ঠা এবং নিজেদের জীবনকে কল্যাণের পথে পরিচালনার অনুপ্রেরণা পেতে পারেন।

বাণীর শেষে মহানবী, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম জানান রুহুল কবির রিজভী।

আরও পড়ুন