বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য, এনসিপি কার্যালয়ে বিরোধীদলীয় নেতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত
‘বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি। সংসদের ভেতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসঙ্গে লড়াই করেছি।’
তিনি বলেন, ‘আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ—একটি সরকারি দল, আরেকটি বিরোধীদল। এ ছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য।’
সংসদে বিরোধীদল হিসেবে প্রাপ্য অধিকার থেকে তারা অনেকাংশে বঞ্চিত হচ্ছেন দাবি করে জামায়াত আমির বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে তাদের মনে হচ্ছে।
তিনি বলেন, তিনশ আসনের জন্য উন্নয়ন তহবিল বরাদ্দের ক্ষেত্রে সরকারি দলকে যে পরিমাণ দেওয়া হয়েছে, তার ধারে-কাছেও নেই বিরোধীদলের সংসদ সদস্যরা। সরকারি বরাদ্দ কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি দল বৈষম্য না করার এবং দেশের সুষম উন্নয়নে কাজ করার কথা বলেছিল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘উন্নয়ন নাগরিক অধিকার। একটি দেশের ভেতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। এটি তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের।’
সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বর্তমান আন্দোলন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের দাবি ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন। সংসদের ভেতরে সমস্যার সমাধান চাইলেও সরকার তাদের রাজপথে যেতে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।’
এর আগে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান এনসিপি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করেন।