EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
অ অ

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়নে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে তারল্য সংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। কিন্তু সরকার গণভোটের রায় কার্যকর না করে প্রত্যাখ্যান করেছে। এটি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গণভোট নিয়ে সরকারের এমন অবস্থানে জাতি ও গোটা বিশ্ব বিস্মিত।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ হয়েছে। জ্বালানি সংকটের কারণে দেশের ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে এবং প্রায় ২০ হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সমস্যা সমাধানে বিরোধী দল সুনির্দিষ্ট প্রস্তাব দিলেও সরকার তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি।

সরকার শিক্ষা প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় লোক নিয়োগ দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে এখন আর যোগ্যতা, মেধা, পরীক্ষা ও ভাইভার প্রয়োজন হয় না, বিএনপি করাই যেন যোগ্যতা। সরকারি অফিসগুলো বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার সংকট, ব্যাংকিং খাতে তারল্য সংকট ও খেলাপি ঋণ, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব ঘাটতি ও ব্যাংকনির্ভর ঋণ গ্রহণ অর্থনীতির বড় সংকট। ডলারের বিনিময় হার এবং বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দামের অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগ ও রপ্তানি কমছে এবং প্রবৃদ্ধি তলানিতে নেমেছে।

তিনি আরও বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। চাঁদাবাজি, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখার উদ্যোগের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, চাকরিবিধি মেনে রাজনীতি করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করতে না দেওয়ার মতো কোনো আইন বা বিধি সরাসরি সংবিধানবিরোধী।

বিরোধী দলের এমপিদের ওপর সরকারি দলের সংরক্ষিত নারী আসনের এমপিদের বসিয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিরোধীদলের এমপিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দ দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন এমন সরকারি দলের নারী এমপিরা নির্বাচিত এমপিদের কাজে হস্তক্ষেপ করছেন। এটি সংবিধানবিরোধী এবং এমপিদের অধিকারের ওপর হস্তক্ষেপ।

জনপ্রশাসন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের মতাদর্শের অনুসারী নন এমন সৎ কর্মকর্তাদের ওএসডি করা, পদোন্নতি না দেওয়া ও অহেতুক বদলি করা হচ্ছে। সরকার ফ্যাসিবাদী আমলের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সরকারের ইতিবাচক দিক হিসেবে রিজার্ভের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টার কথা উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, এটি সরকারের কৃতিত্ব নয়; প্রবাসীদের রেমিট্যান্সের অবদানেই রিজার্ভে স্থিতিশীলতা এসেছে।

তিনি বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক।’ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদ ও রাজপথে বিরোধী দল সোচ্চার থাকবে। তবে হরতাল কিংবা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে জামায়াত।

গণভোটের রায় না মানার বিষয়ে সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, কিছু মিডিয়া তোষণ নীতির মধ্যে রয়েছে। গণমাধ্যম সত্য তুলে ধরবে—এটাই তাদের প্রত্যাশা। মোটা দাগে বিএনপি সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত জামায়াতের ছয়জন নেতাকর্মীকে হত্যা করে শহীদ করা হয়েছে। দলের এমপিদের ওপর সরকারি দলের নেতাকর্মীরা হেলমেট পরে ফ্যাসিবাদী কায়দায় হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‘আমরা রাজনীতিতে সংঘাত চাই না। দেশকে শান্তির দিকে নিতে চাই’—উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন