সরকারকে সময় না দিলে অস্থিরতা বাড়বে: রুহুল আমিন হাওলাদার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে সফলতা-ব্যর্থতার মাপকাঠিতে বিচার করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেছেন, রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতি সচল করা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। এখনই সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের সার্বিক পরিস্থিতিতে।
রবিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সাত মাসের বেশি একটি পার্লামেন্ট স্থায়ী হয়নি। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সেই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। এখন দেশের মানুষ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ মাস হলো। এত অল্প সময়ের মধ্যে সরকারের সফলতা-ব্যর্থতার হিসাব করে চূড়ান্ত মন্তব্য করা বাস্তবসম্মত নয়। সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের পর্যাপ্ত সময় প্রয়োজন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে বিরোধী দল ও রাজনৈতিক দলগুলো তা তুলে ধরবে। এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। তবে সমালোচনার পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। এতে কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
হাওলাদার বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদলের সঙ্গে সংঘাত, অবিশ্বাস ও প্রতিহিংসার রাজনীতি জড়িয়ে আছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি করা জরুরি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম মহাসচিব এস এম আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বিপুল, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, মাহবুবুর রহমান কামাল ও জাকির হোসেন মৃধা।