সিলেটে সারজিসের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক সারজিস আলমসহ দলটির নেতাদের বহরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি, যদিও বিএনপি এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এনসিপির নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় একদল যুবক জড়ো হয়ে 'ভুয়া, ভুয়া' স্লোগান দিতে থাকে। পরে গাড়িবহর এলাকা ত্যাগের সময় কয়েকজন বিক্ষোভকারী গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ছাত্রদলের নেতাকর্মী ছিলেন। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছোবেদ আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ ঘটনায় কেউ আহত হননি। পরে এনসিপির নেতারা নিরাপদে গোলাপগঞ্জ ত্যাগ করেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
তবে এ অভিযোগ নাকচ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, হামলার ঘটনায় বিএনপির কোনো নেতা বা কর্মী জড়িত নন।
তিনি আরও বলেন, এনসিপির সিলেট সফরের আগে দলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল, কেউ যেন কোনো ধরনের উসকানিতে পা না দেন। সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করতে বিএনপি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে বলেও তিনি দাবি করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।